ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে—এমন ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
আজ রোববার রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় যুবকদের এগিয়ে আসতে হবে। জনগণের রায় পেলে নাহিদ ইসলাম সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এবং আগামী দিনের বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না, তবে অতীতের নেতৃত্বে সততা ও দায়বদ্ধতার অভাব ছিল।
জামায়াত আমির দাবি করেন, তাদের রাজনীতির লক্ষ্য হবে জনগণের জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষা করা। কোনো অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া হবে না উল্লেখ করে তিনি বেইনসাফি, জুলুম ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।



