নারী ও শিশুর প্রতি নির্যাতন মানবাধিকারের লঙ্ঘন উল্লেখ করে শারমীন এস মুরশিদ বলেন, ‘ধর্মীয় মূল্যবোধ আমাদের মধ্যে না থাকায় ছেলেদের দ্বারা মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে বেশি। এই নির্যাতনের মাত্রা ভয়ংকর। আমাদের শিশুরা নিষ্ঠুরভাবে নির্যাতিত হচ্ছে এবং আশ্রয়হীন ও নিরাপত্তাহীন হয়ে পড়েছে।’
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দেশে নারী ও শিশুর নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও এ ধরনের অপরাধ প্রত্যাশিত মাত্রায় কমছে না। নারী ও শিশুর প্রতি পরিবারে, কর্মক্ষেত্রে, জনসমাগম স্থলে, অনলাইনসহ নানাভাবে বিভিন্ন ধরনের সহিংসতা ও অপরাধ সংঘটিত হচ্ছে। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা ও অপরাধ নিরসন সরকারের একার পক্ষে সম্ভব নয়। সরকারের পাশাপাশি তরুণ প্রজন্মসহ সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।



