বলিউডে মাত্র দুটি সিনেমাতে অভিনয় করেছিলেন অভিনেত্রী বরখা মদন। যার একটি ‘খিলাড়িও কা খিলাড়ি’ এবং অপরটি ‘ভূত’। আর দুটি সিনেমার জন্যই তার অভিনয় প্রশংসিত। বক্স অফিসে এনেছিল সাফল্যও।
সেই অভিনেত্রী বরখার নতুন রূপ দেখে স্তম্ভিত বলিউড। শুধু তাই নয়, সৌন্দর্য প্রতিযোগিতায় সুস্মিতা সেন, ঐশ্বরিয়া রাই বচ্চনের যোগ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন বরখা মদন।
মুণ্ডিতমস্তকে তিনি, পরনে রক্তবস্ত্র। বিকিনি ছেড়ে বরখা এখন বৌদ্ধ সন্ন্যাসিনী। তার নতুন নাম গ্যালটেন সামটেন। জানা গেছে, বৌদ্ধ সন্ন্যাসী দালাই লামার থেকে দীক্ষা নিয়েছেন। চোখেমুখে প্রশান্তি, হাসিতেও তার ছায়া। বলিউড তাকে দেখে বিস্মিত হলেও বরখা নির্বিকার। তার স্থায়ী ঠিকানা এখন পাহাড়ের কোলে গড়ে ওঠা বৌদ্ধ মঠ।
ছবি বলছে, সেখানে ভালো আছেন তিনি। জাগতিক সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বেই বুঝি উঠে গিয়েছেন! ২০১২ সালে সন্ন্যাস নেওয়া প্রাক্তন অভিনেত্রীর দাবি, “পাঞ্জাবি হলেও মনে মনে বৌদ্ধ ধর্মের প্রতি বরাবরের আকর্ষণ। ধর্মগুরু দালাই লামা অতি প্রিয়। বলিউডে থাকাকালীন অন্তর থেকে আধ্যাত্মিক টান অনুভব করতাম। একটা সময়ের পর তাই প্রিয় ধর্মগুরুর থেকে দীক্ষা নিই। মস্তক মুণ্ডনের পর নতুন নাম নিয়ে যেন নবজন্ম হয়েছে।”

তার প্রথম সিনেমার নায়ক ছিলেন অক্ষয় কুমার। সিনেপ্রেমীরা এক নামে চিনতেন তাকে। বিকিনি পরিহিত পাঞ্জাবি কন্যার উজ্জ্বল উপস্থিতি পর্দায় উষ্ণতা ছড়াত। কিন্তু সেই উষ্ণতা ছড়ানো নায়িকা এখন পর্দায় অনুপস্থিত। –বলিউড লাইফ




