জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার তথ্যানুযায়ী, বৈশ্বিক আসবাবের বাজার চলতি বছর ৭৬ হাজার ৫০০ কোটি ডলারে দাঁড়াবে। এর মধ্যে শুধু শয়নকক্ষের আসবাবের বাজার ১৩ হাজার ৫০০ কোটি ডলার। ২০২৯ সালে এই বাজার ৯২ হাজার ১০০ কোটি ডলারে গিয়ে দাঁড়াবে। আসবাব রপ্তানিতে শীর্ষে চীন। এর পরে রয়েছে জার্মানি, ইতালি, ভিয়েতনাম, পোল্যান্ড, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা ও তুরস্ক।
হাতিল বর্তমানে দেশের শীর্ষস্থানীয় আসবাব ব্র্যান্ড। সারা দেশে তাদের ৭৯টি বিক্রয়কেন্দ্র রয়েছে। দেশের বাইরেও আসবাব রপ্তানি করছে হাতিল। ভারতে ১৮টি বিক্রয়কেন্দ্রে বিক্রি হয় হাতিলের আসবাব।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান ও হাতিলের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের কারণে আসবাবের ব্যবসায় শ্লথগতি চলছে। তবে মনে হচ্ছে, এটি সাময়িক। সামগ্রিকভাবে দেশ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যাংক খাতে সংস্কার শুরু হয়েছে। আশা করছি, সেটির ইতিবাচক প্রভাব ব্যবসা–বাণিজ্যে আমরা দেখতে পাব।’


