নাভালনির দল জানিয়েছে, অ্যালেক্সি নাভালনির মা লুডমিলা নাভালনায়াকে কারাগার থেকে জানানো হয় যে তাঁর ছেলে শুক্রবার হাঁটার সময় হঠাৎ পড়ে গিয়ে চেতনা হারিয়ে ফেলেন ও পরে মারা যান। নাভালনির সহযোগী ইয়ারমিশ বলেন, নাভালনির মা গতকাল কারাগারটিতে গিয়েছিলেন। সেখানে তাঁকে আনুষ্ঠানিক এক নোটিশে জানানো হয়, নাভালনি স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ১৭ মিনিটে মারা গেছেন।
নাভালনির আরেক সহযোগী ইভান ঝাদানভ বলেন, লুডমিলাকে জানানো হয়, তাঁর ছেলে কোনো পূর্বলক্ষণ ছাড়াই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
নাভালনির সহযোগীদের ভাষ্য, নাভালনির মরদেহ কারাগারের কাছের শহর সলেখার্ডের একটি মর্গে পাঠানো হয়েছে বলে তাঁর মাকে জানানো হয়েছিল। কিন্তু তিনি সেখানে পৌঁছে ওই মর্গ বন্ধ দেখতে পান।
ইতিমধ্যে কারা কর্মকর্তারা লুডমিলাকে বলেছেন, প্রাথমিক ময়নাতদন্ত পরীক্ষায় স্পষ্ট কোনো ফলাফল পাওয়া যায়নি। তাই দ্বিতীয়বার মরদেহ পরীক্ষা করতে হবে।



