নাভালনির মৃত্যুতে ‘ব্যাঙের বিষ’ ব্যবহার, রাশিয়াকে দায়ী করছে যুক্তরাজ্য | চ্যানেল আই অনলাইন

নাভালনির মৃত্যুতে ‘ব্যাঙের বিষ’ ব্যবহার, রাশিয়াকে দায়ী করছে যুক্তরাজ্য | চ্যানেল আই অনলাইন

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্স নাভালনির মৃত্যু নিয়ে নতুন করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, নাভালনিকে সাউথ আমেরিকার ডার্ট ব্যাঙ থেকে প্রাপ্ত বিরল ও শক্তিশালী বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতা রয়েছে।

আজ (১৬ ফেব্রুয়ারি) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের পাশাপাশি সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও জার্মানিও নাভালনিকে বিষ প্রয়োগের অভিযোগে রাশিয়াকে দায়ী করেছে। লন্ডন জানিয়েছে, রাসায়নিক অস্ত্র কনভেনশন লঙ্ঘনের সম্ভাব্য অভিযোগে তারা বিষয়টি ওপিসিডব্লিউ-এর কাছে উত্থাপন করেছে।

২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি আর্কটিক সার্কেলে অবস্থিত সাইবেরিয়ার একটি পেনাল কলোনিতে ৪৭ বছর বয়সী নাভালনির আকস্মিক মৃত্যু হয়। মৃত্যুর সময় তিনি কারাবন্দী ছিলেন। রুশ কর্তৃপক্ষ প্রথমে দাবি করেছিল, তিনি অসুস্থ হয়ে পড়ে স্বাভাবিকভাবেই মারা গেছেন।

তবে দুই বছর পর যুক্তরাজ্য ও কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের বিশ্লেষণে নাভালনির দেহে এপিবাটিডিন নামের এক শক্তিশালী নিউরোটক্সিনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়। এই বিষ ইকুয়েডরের বিষাক্ত ডার্ট ব্যাঙের ত্বক থেকে পাওয়া একটি প্রাকৃতিক অ্যালকালয়েড, যা অত্যন্ত প্রাণঘাতী।

উল্লেখ্য, নাভালনি ছিলেন একজন দুর্নীতিবিরোধী আন্দোলনকারী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক। দেশে-বিদেশে তিনি পুতিনের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ছিলেন।

Scroll to Top