নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুন হাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য এএসআই আজিজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিয়েছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, স্থানীয় বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে রসুন হাটে তাদের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে পরিণত হয়। কিছু সময়ের মধ্যে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এই ঘটনায় পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের তৎপরতায় সংঘর্ষের তীব্রতা কিছুটা কমলেও এএসআই আজিজ আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বর্তমানে গুরুদাসপুরে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।



