নাটোরে প্রয়াত সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা | চ্যানেল আই অনলাইন

নাটোরে প্রয়াত সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা | চ্যানেল আই অনলাইন

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় অবস্থিত তার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাড়ির গেটের কাচের জানালা, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতি ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজে প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে করে একদল লোককে বাড়িটির সামনে আসতে দেখা যায়। তারা বাড়ির গেটে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে বাড়ির ভেতরেও ইটপাটকেল ছোড়া হয়। এতে কয়েকটি কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়। এদিকে এর আগে শনিবার গভীর রাতে নাশকতার মামলায় কারাগারে থাকা গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতে লুটপাটের অভিযোগ ওঠে।

পরিবারের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে। স্বর্ণালংকারগুলোর আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা বলে জানিয়েছে পরিবার। এ বিষয়ে গুরুদাসপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হাসান বলেন, একটি মিছিল নিয়ে যাওয়ার পথে হামলার চেষ্টার মতো ঘটনা ঘটেছে, এমন কথা শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top