বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের পাঁচ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৪২ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন গাছবুনিয়া পাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
বিজিবি বলছে, আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য বলে দাবি করেছেন। সন্ধ্যায় তাঁদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের শান রাজ্যের মোমেক শহরের বাসিন্দা কো কো সাইন (৩৫), আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউয়ের বাসিন্দা সোয়ে থু রা (৩৮), একই রাজ্যের মাগাতুতাও শহরের বাসিন্দা অং সান হতু (২৫), আয়াওয়ার্দি রাজ্যের কিয়াও জায়ের লিন (৩২) ও ইয়াঙ্গুন রাজ্যের বাসিন্দা মিন মিন ও (৪১)।



