নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। এছাড়া বিভিন্ন এলাকায় বিভিন্ন ভবনে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০.৩৯ মিনিটে এই ভূমিকম্প অনূভূত হয়।
জানা গেছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। যার মাত্রা ছিল ৫.৭। এসময় মানুষ আতঙ্কিত হয়ে বিভিন্ন ভবন, বাসা ও দোকান থেকে ছুটোছুটি করে রাস্তায় বেরিয়ে আসে। এসময় আহত হয় শতাধিক শিশু ও নারী-পুরুষ।
ভূমিকম্পে নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় বাবা ও ছেলেকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ছেলে ওমর (৮) মারা যায়। পরে বাবা দেলোয়ার হোসেনকেও মৃত ঘোষণা করা হয়।
অপরদিকে, নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল ধ্বসে কাজম আলী (৭৫) নামে একজন বৃদ্ধ মারা যান। একই উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে নাসির উদ্দিন (৬৫) নামে একজন মারা যায়।অন্যদিকে শিবপুরের জয়নগরে গাছ থেকে পড়ে ফোরকান (৪০) নামে একজনের মৃত্যু হয়।
ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সাব স্টেশন ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ওই সাবস্টেশন দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
জেলা প্রশাসন, জেলা পুলিশ ও দমকল বাহিনী বিভিন্ন ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। ভূমিকম্পের পর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।




