পাঁচশিরা বাজারের মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘আমরা ব্যবসায়ীরা মিলে প্রতিবছর এই মেলার আয়োজন করি। এবার মেলায় ছোট-বড় মিলে ৫০টি মাছের দোকান বসেছে। রুই, কাতলা, মৃগেল, কালবাউশ, বিগহেড কার্প, সিলভার কার্পসহ বড় ধরনের মাছ ৭০০ থেকে ১ হাজার ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া মাঝারি আকারের মাছ ৪৫০ থেকে ৬৫০ টাকা এবং ছোট আকারের মাছ কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা বিক্রি হচ্ছে।’
মৎস্য খামারি মকবুল হোসেন বলেন, ‘এই মেলা সামনে রেখে এক বছর ধরে পুকুরে বড় বড় মাছ বাছাই করে চাষ করেছি। এবার মেলায় বড় বড় মাছ বিক্রি করেছি।’ মাছ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, এবার মেলায় প্রচুর লোকসমাগম হয়েছে। গত বছরের বছরের তুলনায় এবার অনেক বেশি মাছ বিক্রি হয়েছে। দামও সঠিক ছিল।
পাঁচশিরা বাজার ইজারাদারের প্রতিনিধি উজ্জল হোসেন বলেন, মাছ ব্যবসায়ীরা নিজেরাই মেলার আয়োজন করেন। তাঁরা মেলা শুরুর আগে এক সপ্তাহ ধরে মাইকে এলাকায় প্রচার-প্রচারণা চালান। এতে মেলায় প্রচুর মাছ আমদানি হয়, বিক্রিও হয় অনেক।