
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সরকারপ্রধান ও বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’কে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’কে নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হচ্ছে।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র ও গণপূর্ত অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানান, যমুনা বাসভবনটি বসবাসের জন্য প্রস্তুত রয়েছে এবং প্রধানমন্ত্রীর বিশেষ কোনো নির্দেশনা থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় অর্জন করায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরকারপ্রধান হওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।
দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি বর্তমানে গুলশানে অবস্থান করছেন। তবে রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা ও প্রশাসনিক কাজের সুবিধার্থে তাকে সরকারি বাসভবনে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। এর আগে সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করার পরিকল্পনা থাকলেও নিরাপত্তা বিবেচনায় তা বাতিল করা হয়। অন্যদিকে মিন্টো রোডে অবস্থিত বিরোধী দলীয় নেতার বাসভবনটিও প্রস্তুত রাখা হয়েছে, যা ২০০১ সালের পর থেকে অব্যবহৃত ছিল। তবে নির্বাচনে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা জানিয়েছেন, তারা সরকারি কোনো গাড়ি বা বাড়ি ব্যবহার করবেন না।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬





