নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬ | চ্যানেল আই অনলাইন

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬ | চ্যানেল আই অনলাইন

নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ সংগঠনটির ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার অন্যরা হলেন— সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।

আজ বুধবার দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে বাবুল সরকার নামে একজন বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, মামলায় ছয়জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন আসামিরা।

এতে আরও বলা হয়, বাদী বাবুল সরকার এবং রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)-এর কেন্দ্রীয় সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন সদস্য প্রতিবাদ জানালে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, এসএস পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে হামলা চালান। হামলায় আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত আয়াসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর অতিরিক্ত পুলিশি নিরাপত্তার মধ্যে শান্তা ফারজানাসহ ছয়জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে তাদের হাসপাতাল থেকে শাহবাগ থানায় নেওয়া হয়।

উল্লেখ্য, নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব এলাকায় দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার পর দায়ের হওয়া মামলায় সংগঠনটির চেয়ারম্যান মোমিন মেহেদীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Scroll to Top