এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গত মঙ্গলবার বিসিবি জানিয়েছে নাজমুল হোসেন শান্তদের সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। এবার দায়িত্ব গ্রহণ করলেন তিনি। শুক্রবার দলের সাথে কাজ করতে দেখা গেছে দেশের ক্রিকেটে প্রিয় কোচ সালাউদ্দিনকে।
শুক্রবার বিসিবি সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। ড্রেসিংরুমে তিনি বাংলাদেশের নতুন অনুশীলন জার্সি খুলে দেখছেন। ভিডিওতে দেখা যায়- পেসার হাসান মাহমুদ, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, লিটন দাসসহ অন্যদের সাথে কাজ শুরু করেছেন সালাউদ্দিন।
এরপর প্রতিক্রিয়া জানান সালাউদ্দিন। বলেন, ‘আমার নতুনভাবে আসার উদ্দেশ্য হল, অনেকদিন থেকে শুনছি দেশি কোচদের একটা প্লাটফর্ম বোর্ড করে দেবে। আমি যদি তাদের সেই পথটা করে দিতে পারি, সেটা যতদিনের জন্যই হোক না, আমার মনে হয় দেশি কোচরা হয়তো এই জায়গায় ভালো করবে। পরবর্তীতে যে কোচরা আসবে তাদের প্রতি বোর্ডের বিশ্বাস বাড়বে, জনগণের বিশ্বাস বাড়বে সাথে কোচদেরও বিশ্বাস বাড়বে যে, আমরাও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারি।’
‘বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছিল। আমার এই কাজটা নেয়ার পেছনে ফারুক ভাইয়ের অবদান বেশি। বেশ কিছুদিন ধরে তিনি আমাকে ডাকছিলেন যে, স্থানীয় কোচদের আসলে দরকার। এইক্ষেত্রে ফারুক ভাইয়ের অনেক অবদান, আমারও যে ইচ্ছা ছিল না বিষয়টি তেমন না। নানাবিধ কারণে হয়তো আসতে পারছিলাম না। তবে আমার মনে হয়েছে এটাই ভালো সময় আসার। আমার ইচ্ছা আছে এতবছরের যে অভিজ্ঞতা সেটা যেন আমি আরও বড় পরিসরে কাজে লাগাতে পারি।’

‘আগের প্রজন্মে আমি সাকিব, তামিম, রিয়াদ, মাশরাফী, ওদের সাথে কাজ করেছি। ওই প্রজন্ম একটা পর্যায় পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে দেশকে। পরবর্তী প্রজন্মের কাউকে যদি সাহায্য করতে পারি, সেটা দেশের এবং ওই প্রজন্মের খেলোয়াড়ের জন্যও ভালো হবে। তারা যেন ভাবতে শেখে, চিন্তা করতে শেখে ভবিষ্যতে তারা ওয়ার্ল্ড ক্রিকেটের উপর আধিপত্য বিস্তার করবে।’





