এদিকে নড়াইল জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুকে বেন্দারচর গ্রামে হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে যে প্রচার চলছে তা মিথ্যা ও বানোয়াট। আগে ধারণ করা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নির্মিত ভিডিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। কোনো হিন্দু পরিবারের ওপর হামলা বা তাদের কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।
হিন্দু বসতিতে হামলার অভিযোগের বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এখানকার হিন্দু সম্প্রদায়ের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিএনপি আছে, তাঁরাও বিএনপির সঙ্গে আছেন। তিনি আরও বলেন, ‘ফেসবুকে দেখছি দুই শতাধিক বাড়িতে হামলা করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা।’


