
নওগাঁ, ২৬ ফেব্রুয়ারি – নওগাঁর পোরশা উপজেলার একটি কবরস্থান থেকে ১৩৭ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের একটি পারিবারিক কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে শীতলী গ্রামের জনৈক রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পড়ে আছে।
এই তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে কবরস্থানের মাঝামাঝি স্থানে একটি আমগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি পাওয়া যায়। পুলিশের দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা ৫৬ ইঞ্চি এবং ওজন ১৩৭ কেজি।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, বর্তমানে মূর্তিটি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কষ্টিপাথরের এই মূর্তিটি প্রায় হাজার বছরের পুরোনো এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সম্পদ। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬





