শ্রমিক-কর্মচারীদের চলমান ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল রয়েছে বলে দাবি করেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান। তবে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে শ্রমিকদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
রোববার ৮ ফেব্রুয়ারি দুপুরে বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বন্দর চেয়ারম্যান।
তিনি বলেন, বন্দর সচল আছে। আমি দুই ঘণ্টা ধরে বন্দর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। তারা সবাই কাজে যাবেন। কেউ বাধা দেবে না। এ সময় এস এম মনিরুজ্জামান অভিযোগ করেন, কর্মচারীদের একটি অংশ জনগণকে ‘জিম্মি করে’ বন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে।
তিনি আরও বলেন, বন্দর যে আইনে পরিচালিত হয়, সেই আইনের প্রতি এবং প্রতিষ্ঠানের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। কেউ যদি বিপথগামী হয়ে অন্য কারো আনুগত্য বেছে নেয়, তা কর্মকর্তা-কর্মচারী আচরণবিধির সম্পূর্ণ পরিপন্থী।
বন্দর চেয়ারম্যান বলেন, যারা এসব কর্মকাণ্ডে জড়িত তারা রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রমজানের আগে এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনমনে অসন্তোষ সৃষ্টি করার পরিকল্পনা করা হচ্ছে, বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রতিবাদ, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহারসহ চার দফা দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এর ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের জেটি ও বহির্নোঙরে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।


