কদিন আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ মাতিয়ে এসেছেন বাংলাদেশের ডানহাতি স্পিনার রিশাদ হোসেন। বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাওয়ায় বিসিবি আয়োজিত আসরে খেলেছিলেন। এবার ইংল্যান্ডের এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত দ্য হান্ড্রেডের চূড়ান্ত নিলামের তালিকাতেও জায়গা পেয়েছেন এ তারকা।
২৩ বর্ষী রিশাদ ১০০ বলের পেশাদার এ আসরে স্পিনারদের তালিকায় স্থান পেয়েছেন। তাকে রাখা হয়েছে টায়ার-১ স্পিন বোলার ক্যাটাগরিতে। এখানে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।
২০২৬ সালের দ্য হান্ড্রেড নিলামের জন্য বাংলাদেশ থেকে মোট ২৩ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমের মত তারকা ছিলেন।
এ প্রতিযোগিতার নিলাম আগামী ১১ এবং ১২ মার্চ লন্ডনের বিখ্যাত পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত হবে। প্রথম দিন নারী খেলোয়াড়দের নাম উঠবে নিলামে এবং দ্বিতীয় পুরুষ ক্রিকেটারদের নাম উঠবে। বাংলাদেশ সময় সকাল ১০টায় নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



