বাংলাদেশ সফরে আসা নিউজিল্যান্ড দলটিকে অনেকেই ‘দ্বিতীয় সারির’ বললেও মাঠের পারফরম্যান্সে সেটির ছাপ পড়তে দিতে নারাজ কিউইরা। পেসার নাথান স্মিথ মনে করেন, স্বাগতিকদের বিপক্ষে এই সিরিজ জয় হবে তাদের জন্য এক বিশাল মাইলফলক।
সোমবার তিন ম্যাচের সিরিজে দ্বিতীয়টিতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সকাল ১১টায় শুরু হবে খেলা, ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। রোববার সংবাদ সম্মেলনে এমন বললেন স্মিথ। তার মতে, কন্ডিশনের চ্যালেঞ্জ মোকাবেলা করে জয় তুলে নেয়া কিউইদের দীর্ঘদিনের ঐতিহ্য, তরুণ দলটি সে পথেই হাঁটছে।
নিউজিল্যান্ড ক্রিকেটে বর্তমানে ব্যাক-আপ খেলোয়াড়দের শক্তি বা গভীরতা অনেকবেশি, দাবি স্মিথের। বলেছেন, ‘বাংলাদেশ একটি শক্তিশালী দল নিয়ে খেলছে। আমাদের জন্য এই সিরিজ জয়টা হবে বিশাল অর্জন। মূল দলের বাইরে থাকা খেলোয়াড়দের এখানে নিয়ে এসে এমন কন্ডিশনের অভিজ্ঞতা দেয়া এবং সফল হওয়া আমাদের গভীরতা বাড়াবে, ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাস দেবে।’
প্রথম ম্যাচে কিউই স্পিনারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে জেডিন লেনক্স এবং ওয়ানডেতে প্রথমবার বোলিং করা ডিন ফক্সক্রফটের নিয়ন্ত্রিত বোলিং বাংলাদেশকে চাপে ফেলেছিল। লেনক্সের প্রংশসা করেছেন স্মিথ।
বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা সে দারুণভাবে কাজে লাগিয়েছে। আগের ম্যাচে ফক্সক্রফটের ছয়টি ভালো ওভার দলের পরিকল্পনা বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে। অপরিচিত উইকেটে কার্যকর হওয়ার পথ খুঁজে পাওয়াই এখন আমাদের প্রধান লক্ষ্য।’




