ছেলেদের এশিয়ান গেমস হকি বাছাইপর্বে শুরুটা ভালো করে দ্বিতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভ সূচনা করে শ্রীলঙ্কার সাথে লড়ে ৩-২ ব্যবধানে হেরেছে হকির টাইগাররা। প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় ডিফেন্ডার আমিরুল ইসলাম এ ম্যাচেও একটি গোল করেছেন।
থাইল্যান্ডের ব্যাংককে শুরু থেকে লঙ্কানদের চাপে রাখেন আমিরুল-আশরাফুল ইসলামরা। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার পায় শ্রীলঙ্কা, খেলার ধারার বিপরীতে সেখান থেকে লঙ্কানদের লিড এনে দেন সেরান বোথালে। ১৩ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ, সমতায় ফেরান আশরাফুল।
দ্বিতীয় কোয়ার্টারে কোন গোলের দেখা পায়নি বাংলাদেশ। আর ১৬তম মিনিটে কুশাল বীরাপ্পুলির গোলে এগিয়ে যায় শ্রীলঙ্কা। তৃতীয় কোয়ার্টারে জালের দেখা পায়নি কোন দলই।
২-১ গোলে পিছিয়ে শেষ কোয়ার্টার শুরু করে বাংলাদেশ। ৪৯ মিনিটে লঙ্কানদের তৃতীয় গোলটি করেন সুরেশ রত্নায়েকে। ৪৯ মিনিটে আমিরুল গোল করলে ব্যবধান কিছুটা কমে বাংলাদেশের। তবে হার এড়ানো যায়নি।




