দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে ইসলামাবাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি – DesheBideshe

দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে ইসলামাবাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি – DesheBideshe


দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে ইসলামাবাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি – DesheBideshe

ইসলামাবাদ, ২৫ এপ্রিল – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

শুক্রবার একটি ছোট প্রতিনিধি দলসহ তিনি সেখানে পৌঁছান। ইসলামাবাদ বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরাগচির সফরের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এই সফরকে কেন্দ্র করে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে আরাগচি ও তার দল সরাসরি সেরেনা হোটেলে যান এবং সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

এর আগে ইরানের পারমাণবিক প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনার জেরে ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়েছিল। দীর্ঘ ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর ১১ এপ্রিল পাকিস্তানের এই সেরেনা হোটেলেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানি পক্ষের নেতৃত্বে ছিলেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। প্রায় ২১ ঘণ্টা আলোচনার পরও সেই সময় কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

এবারের দ্বিতীয় দফার এই সংলাপে আগেরবারের প্রধান দুই নেতা ভ্যান্স এবং ঘালিবাফ কেউই থাকছেন না বলে জানা গেছে।

এদিকে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের এই উদ্যোগকে পূর্ণ সমর্থন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার মতে, আমির সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পাকিস্তানের এই শান্তি প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

এনএন/ ২৫ এপ্রিল ২০২৬



Scroll to Top