
ঢাকা, ২৫ জুন – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে হাম ও এর উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪৫ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুর মৃত্যু হয়। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬০৫ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। ফলে সব মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৮ জনে। গত এক দিনে ৫২ জন শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং আরও ৮৯৩ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ সময়ে ৮৬০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৯০৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জনে। এর মধ্যে ১১ হাজার ৪৪২ জনের শরীরে নিশ্চিতভাবে এই রোগ শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি জ্বর বা শরীরের কোনো অংশে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ জানিয়েছেন।
এনএন/ ২৫ জুন ২০২৬






