কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে কোন সারের সংকট নেই। তারপরও বিশৃঙ্খলা হচ্ছে। কারণ, সার নিয়ে প্লানওয়াইজ (পরিকল্পিত) ষড়যন্ত্র হচ্ছে।
মন্ত্রী বলেন, এখন গত বছরের চেয়ে বেশি আমাদের কাছে বেশি সার আছে। অনেক জায়গায় সরকারি গুদামে সার রাখার জায়গায় নেই। সার নিয়ে কোনো সমস্যা নেই। আমরা সার নিয়ে নতুন একটি নীতিমালা করেছি। সেজন্য যারা বঞ্চিত হবেন বলে মনে করছেন, সেসব লোকরা সমস্যা করছে। এটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধিকরণের লক্ষ্যে কার্গো ভিলেজ কোল্ড স্টোরেজ/কুল রুমের ব্যবস্থাসহ বিমানবন্দরে বিভিন্ন সুবিধা বাড়ানোর বিষয়ে ব্রিফিংয়ে সার সংকট প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সেচের জন্য দেশের সব পাম্প সৌর বিদ্যুতের মাধ্যমে চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে। ইতিমধ্যে ৬০/৬২ হাজার পাম্প সৌর বিদ্যুতে পরিচালনার প্রস্তুতি নিয়েছি।
তিনি বলেন, কৃষি প্রধান দেশ হিসেবে আগামী দিনে সরকারের মুল লক্ষ্য কোন কৃষি পণ্য যেন আমদানি করতে না হয়। সে লক্ষ্যে সব কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে কাজ চলছে। পাশাপাশি স্টোরেজ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী বছর থেকে ব্রি ১১৮ নামে নতুন জাতের ধানের চাষ শুরু হবে। হাওড় অঞ্চলে ১০-১৫ দিন আগেই এই ধানের চারা রোপন করা সম্ভব হবে।
মন্ত্রী বলেন, আমি প্রত্যেক দিন বাজারে যাই। বৃষ্টির দিনে সবজি উৎপাদন করা সহজ নয়। উৎপাদন খরচও বেশি হয়।


