দেশে নতুন ৩৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মোট মৃত্যু ৮৮ জন – DesheBideshe



ঢাকা, ২৮ আগস্ট – দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪২ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২ হাজার ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে কেউ মারা যাননি। তবে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে। এখানে ৬১৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া খুলনায় ৫৭৫ জন, বরিশালে ৩৫৬ জন, ময়মনসিংহে ১৭৯ জন এবং চট্টগ্রামে ১৬৩ জন রোগী ভর্তি আছেন। রাজশাহীতে ১৫৩ জন, রংপুরে ৩০ জন ও সিলেট বিভাগে সাতজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৫৯০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ৪২২ জন।

মারা যাওয়া ব্যক্তিদের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৮৮ জন মৃতের মধ্যে নারী ৫১ জন এবং পুরুষ ৩৬ জন। অঞ্চলভেদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ৩১ জন এবং উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ১১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া খুলনায় ১৬ জন, বরিশাল ও ময়মনসিংহে ৮ জন করে, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৪ জন এবং রংপুর ও সিলেটে ১ জন করে মৃত্যুর ঘটনা ঘটেছে।

এনএন/ ২৮ আগস্ট ২০২৬



Scroll to Top