দেশে তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিকভাবে চলছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিকভাবে চলছে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিকভাবে চলছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষের মধ্যে হঠাৎ করে তেল সংগ্রহের প্রবণতা বেড়ে গেছে, ফলে পেট্রলপাম্পে অস্বাভাবিক চাপ সৃষ্টি হচ্ছে। আগে যেখানে একটি পেট্রলপাম্পে দিনে এক লরি তেল যথেষ্ট ছিল, এখন সেই তেল মাত্র দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এর ফলে অনেক পেট্রলপাম্পই সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে।

দেশে তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিকভাবে চলছে: বিদ্যুৎমন্ত্রী

তিনি আরও বলেন, হঠাৎ চাহিদা বৃদ্ধির পেছনে কিছু ক্ষেত্রে দুর্নীতি ও ব্ল্যাক মার্কেটিংয়ের বিষয়ও রয়েছে। ইতোমধ্যে সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে তেল মজুত ও বিক্রির ঘটনা ধরা পড়েছে। এ কারণে দেশের সব জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) বিষয়টি কঠোরভাবে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করতে এবং কোনো ধরনের ব্ল্যাক মার্কেটিংকে প্রশ্রয় না দিতে। যদি কেউ অবৈধভাবে তেল মজুত বা বিক্রি করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের গুরুত্ব দিন দিন বাড়ছে। প্রধানমন্ত্রী এই খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সিরাজগঞ্জে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে এবং ভবিষ্যতে এখানে প্রায় ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, বর্তমানে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যার ফলে রমজান মাসেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হয়নি। পরিদর্শনের সময় মন্ত্রী সৌরবিদ্যুৎ প্রকল্প এলাকায় একটি গাছও রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান, জেলা বিএনপির সহসভাপতি শ্রী অমরকৃষ্ণ দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সৌরবিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

পরে মন্ত্রী সয়দাবাদের জাজিরা সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেন এবং কামারখন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

Scroll to Top