দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত – DesheBideshe



ঢাকা, ৩১ আগস্ট – দেশের ছয়টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে ওইসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে পরবর্তী ১৮ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এনএন/ ৩১ আগস্ট ২০২৬



Scroll to Top