
ঢাকা, ১৫ মার্চ – দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরেই বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার সিলেটে ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জের নিকলীসহ আরও কয়েকটি জেলায় সামান্য বৃষ্টি হয়েছে।
চলতি মাসের বাকি দিনগুলোতেও এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন বর্তমানে যে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হচ্ছে তা মূলত বর্ষা মৌসুম শুরুর আগে স্বাভাবিকভাবেই হয়ে থাকে। এই সময়ে বৃষ্টির সঙ্গে সাধারণত ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোর প্রবণতা দেখা যায়। এছাড়া আগামী সপ্তাহ থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এনএন/ ১৫ মার্চ ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, শিলাবৃষ্টির শঙ্কা first appeared on DesheBideshe.



