দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস | চ্যানেল আই অনলাইন

দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস | চ্যানেল আই অনলাইন

দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে আজ দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ (৬ মে) বুধবার সকাল ৫টা থেকে দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এসময় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এদিকে পৃথক আবহাওয়া বার্তায় জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Scroll to Top