বক্স অফিসে রীতিমতো দাপট দেখাচ্ছে অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত ক্রাইম থ্রিলার ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। মুক্তির আগে থেকেই সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। অগ্রিম বুকিংয়ের সাড়াও ছিল বেশ ভালো। এবার মুক্তির মাত্র তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ১৭৬ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। ফলে দ্রুতই ২০০ কোটির ক্লাবে প্রবেশের পথে এগিয়ে যাচ্ছে ‘দৃশ্যম ৩’।
২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিষেক পাঠক পরিচালিত সিনেমাটি। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে ছবিটি। প্রথম তিন দিনের আয়েই সম্প্রতি মুক্তি পাওয়া বেশ কয়েকটি আলোচিত সিনেমার পুরো সময়ের বক্স অফিস সংগ্রহকে পেছনে ফেলেছে অজয় দেবগনের এই সিনেমা।
মুক্তির প্রথম দিন শুক্রবার ভারতে প্রায় ৬২ কোটি রুপি আয় করে ‘দৃশ্যম ৩’। এর মাধ্যমে বলিউডের সর্বোচ্চ উদ্বোধনী দিনের আয়ের তালিকায় চার নম্বরে জায়গা করে নেয় সিনেমাটি।
দ্বিতীয় দিন শনিবার সিনেমাটির আয় কিছুটা কমে দাঁড়ায় ৫৩ কোটি ৫০ লাখ রুপি। তবে দুই দিনেই ১০০ কোটি রুপির গণ্ডি পেরিয়ে যায় ছবিটি।
তৃতীয় দিন রোববার সকাল থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় বাড়তে থাকে। রাত ১০টা পর্যন্ত সিনেমাটির আয় প্রায় ১৭৬ কোটি ৫০ লাখ রুপিতে পৌঁছে যায়। ফলে মুক্তির প্রথম সপ্তাহেই ২০০ কোটি রুপির ঘরে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
মাত্র এক সপ্তাহান্তেই একাধিক বড় সিনেমার পুরো সময়ের আয়কে পেছনে ফেলেছে ‘দৃশ্যম ৩’। এর মধ্যে ‘সিকান্দার’ ১০৭ কোটি, ‘দ্য রাজা সাব’ ১৩৮ কোটি, ‘শয়তান’ ১৪৪ কোটি এবং ‘আওয়ারাপান ২’ ১৫০ কোটি রুপি আয় করেছিল।
বলিউডের সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহ শেষে আয়ের তালিকাতেও জায়গা করে নিয়েছে ‘দৃশ্যম ৩’। ১৬৬ কোটি রুপি আয় করা ‘ওয়ার’-কে পেছনে ফেলে সেরা দশে প্রবেশ করেছে সিনেমাটি। ১৮০ কোটি রুপি আয় করা ‘সুলতান’-কেও খুব শিগগির পেছনে ফেলার সম্ভাবনা রয়েছে।
তবে ‘অ্যানিম্যাল’-এর ২০২ কোটি এবং ‘স্ত্রী ২’-এর ২০৪ কোটি রুপির উদ্বোধনী সপ্তাহ শেষে আয় ছাড়িয়ে যেতে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়। এদিকে ‘ধুরন্ধর ২’, ‘জওয়ান’ ও ‘পাঠান’র মতো সিনেমার বিশাল উদ্বোধনী সপ্তাহ শেষের রেকর্ড থেকেও এখনো বেশ দূরে রয়েছে ‘দৃশ্যম ৩’।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সিনেমাটিতে বিজয় সালগাঁওকর চরিত্রে আবারও দেখা গেছে অজয় দেবগনকে। তার সঙ্গে পুরোনো কাস্টের তাব্বু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত, মৃণাল যাদব ও কমলেশ সায়ন্তও ফিরেছেন। ফ্র্যাঞ্চাইজিতে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ।




