দুর্গন্ধ বের হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

দুর্গন্ধ বের হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

রাজধানীর মুগদা এলাকায় ভাড়া বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (জুন ২) রাত সাড়ে ৯টার দিকে উত্তর মুগদার আহমদবাগ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুগদা থানা পুলিশ। পরে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় তানভীর হোসেইনের মরদেহ পাওয়া যায়।

তানভীর হোসেইনের বাবার নাম তবারক হোসেইন। পরিবারের স্থায়ী বাসা রাজধানীর সেগুনবাগিচা এলাকায় হলেও তিনি উত্তর মুগদার ওই বাসায় একাই বসবাস করতেন। ঈদের দিন সর্বশেষ তাকে বাসায় দেখা গিয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।

তানভীর হোসেইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবন শেষে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। কয়েক বছর আগে তার দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে।

তবে মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য আলামত পর্যালোচনার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Scroll to Top