দুবাই বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪ – DesheBideshe

দুবাই বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪ – DesheBideshe

দুবাই বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪ – DesheBideshe

আবুধাবি, ১১ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।

বুধবার এই হামলায় বিমানবন্দরের কাছে দুটি ড্রোন আঘাত হানে। এতে এক বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আহতদের মধ্যে একজন বাংলাদেশি ও ঘানার দুই নাগরিক সামান্য আঘাত পেয়েছেন। অন্যদিকে এক ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস এই ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরও বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার কারণে বিশ্বজুড়ে অসংখ্য ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনের ঘটনা ঘটছে।

ড্রোন হামলার আশঙ্কায় কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের আকাশপথ বন্ধ রাখা হয়েছে। সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বৃদ্ধি পেয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে এমিরেটস ও ইতিহাদের মতো এয়ারলাইন্সগুলোর বিমান চলাচলে ব্যাঘাত ঘটছে। গত বছর প্রায় ১০ কোটি যাত্রী দুবাই বিমানবন্দর ব্যবহার করেছেন, তাই নতুন এই হামলায় যাত্রীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। এর পাশাপাশি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানের ওপর হামলার হুমকি দিয়েছে ইরান।

বুধবার ইরানের একটি ব্যাংকে হামলার পর ইরানের সামরিক বাহিনী এই হুঁশিয়ারি উচ্চারণ করে। ইরানের খাতাম আল-আনবিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি জানান, ব্যর্থ অভিযানের পর মার্কিন সেনাবাহিনী এবং ইসরায়েল ইরানের একটি ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে। এর জবাবে তারা এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্রগুলোতে আঘাত হানতে বাধ্য হবেন।

তিনি মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থানরত সাধারণ মানুষকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

এনএন/ ১১ মার্চ ২০২৬



Scroll to Top