দুবাই থেকে ‘দরদ’ নায়িকার নিরাপদে ফেরার আকুতি! | চ্যানেল আই অনলাইন

দুবাই থেকে ‘দরদ’ নায়িকার নিরাপদে ফেরার আকুতি! | চ্যানেল আই অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে দুবাইয়ে আটকা পড়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিবের বলিউড নায়িকা সোনাল চৌহান। ক্ষেপণাস্ত্র হামলা ও আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার পর দেশে ফেরার অনিশ্চয়তায় তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মোদীর উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, চলমান সংকটের কারণে দুবাইয়ে আটকা পড়েছেন, ফ্লাইট বাতিল হয়েছে এবং ভারতে ফেরার কোনো স্পষ্ট উপায় নেই। নিরাপদে দেশে ফেরার জন্য তিনি সরকারের দিকনির্দেশনা ও সহায়তা কামনা করেন।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে বহু যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। তাদের মধ্যেই রয়েছেন সোনাল চৌহান।

দুবাই থেকে ‘দরদ’ নায়িকার নিরাপদে ফেরার আকুতি! | চ্যানেল আই অনলাইনবলিউডের এই অভিনেত্রী বছর দুই আগে ঢাকাই সিনেমার দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন ‘দরদ’ সিনেমার মাধ্যমে। অনন্য মামুন পরিচালিত এই সিনেমাতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন।

আন্তর্জাতিক অঙ্গনে কাজের সূত্রে নিয়মিত ভ্রমণে থাকা এই তারকা হঠাৎ সৃষ্ট নিরাপত্তা সংকটে বিপাকে পড়েছেন। এদিকে, ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু দুবাইয়ে অবস্থান করছেন বলে জানা গেছে। তিনি সামাজিক মাধ্যমে বিস্ফোরণের শব্দ ও বিমানবন্দরের বিশৃঙ্খল পরিস্থিতির কথা তুলে ধরে একাধিক পোস্ট করেছেন।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুবাই থেকে ফ্লাইট চলাচল কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে সোনাল চৌহানসহ আটকে পড়া যাত্রীরা এখন নিজ নিজ দেশের সরকারের সহায়তার অপেক্ষায় আছেন।- মিড ডে

Scroll to Top