টানা চতুর্থবার সরকার গঠনের পর সরকারপ্রধান হয়ে রাষ্ট্রীয় সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ১৩ জানুয়ারি দু’দিনের সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। পঞ্চমবার সরকার গঠনের পর এটিই তার প্রথম রাষ্ট্রীয় সফর।
দলীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। এ সফরে তিনি তার নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
জানা গেছে, প্রধানমন্ত্রী তার দু’দিনের সফরের প্রথম দিন সকালে সড়ক পথে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে তিনি শ্রদ্ধা জানাবেন। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।

সফরের প্রথম দিন বিকালে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। যোগ দেবেন মত বিনিময় সভায়। সেখানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।




