
চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ রাত কাটিয়েছে পিএসজি। স্পেনের ক্লাবকে তাদেরই ঘরে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চতুর্থ গোলে গড়েছে দুটি রেকর্ড। টুর্নামেন্টের ২০২৫/২৬ মৌসুমে ফরাসী ক্লাবটির রয়েছে শতভাগ সাফল্য। এতকিছুর পরও কোচ লুইস এনরিকে বললেন- ‘আমি বিশেষ পছন্দ করিনি।’
ভিয়ারিয়ালের মাঠে ৬-০ গোলে জিতেছে পিএসজি। ২০ মিনিটের মধ্যে হালি পূর্ণ করে ক্লাবটি। নবম মিনিটে লিড এনে দেন জোয়াও নেভেস। ১২ মিনিটে ব্যবধান দিগুণ করেন ডিজায়ার দুয়ে। এক মিনিটের মধ্যে বোর্ডে তৃতীয় গোল যোগ করেন স্যানি মায়উলু। ১৭ মিনিটে ফ্যাবিয়ান রুইজের শটে চতুর্থ গোল আসে ফরাসী চ্যাম্পিয়নদের। সেই গোলে দুটি রেকর্ড হয়েছে।
প্রথম রেকর্ড, দ্রুততম সময়ে চার গোলের। চ্যাম্পিয়ন্স লিগে যেকোনো দলের এটি দ্রুততম চার গোল। আগের রেকর্ড ছিল রিয়াল মাদ্রিদের। ২০১১/১২ মৌসুমে ডায়নামো জাগরেবের বিপক্ষে ২০ মিনিটে চার গোল করেছিল লস ব্লাঙ্কোসরা।
পিএসজির চতুর্থ গোলটি চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের চার ম্যাচে কোন দলের করা সর্বোচ্চ গোলের রেকর্ড, ১৮টি। পাশাপাশি স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে ৬টি, ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার বিপক্ষে ৪টি করে গোল করার পর, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চার ম্যাচে চার বা তার বেশি গোল করার কৃতিত্ব গড়েছে এনরিকের শিষ্যরা।
৫০ মিনিটে নিজের জোড়া গোলের দেখা পান রুইজ, ৫-০তে এগিয়ে যায় পিএসজি। ভিয়ারিয়াল নিজেদের মাঠে বিবর্ণ হয়ে পড়ে। ৭৮ মিনিটে স্বাগতিকদের জালে ষষ্ঠবার বল জড়ান ডেভিড বলি। বল জালে জড়ানোর চার মিনিট আগে বদলি হিসেবে নেমে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয় ১৭ বর্ষী ডিফেন্ডারের।
এতকিছুর পরও খুশি নন পিএসজি কোচ, জানিয়েছে ম্যাচের পর। বলেছেন, ‘এই বিশাল ব্যবধানের স্কোর বিশেষ পছন্দ করি না, কারণ সবসময় আমাদের প্রতিপক্ষকে সম্মান করি এবং একই মানসিকতা বজায় রাখি। ইন্টারের বিপক্ষে সেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের (২০২৪/২৫ মৌসুম) দিকে ফিরে তাকাতে পারেন। আমরা কখনোই খেলার গতি কমানোর কথা ভাবি না।’
‘দলের উচ্চাকাঙ্ক্ষা ও পারফরম্যান্সে খুশি, কিন্তু আসল প্রতিযোগিতা শুরু হবে ফেব্রুয়ারি বা মার্চে। ওই নকআউট ম্যাচগুলোতেই নিজের যোগ্যতা সত্যিকার অর্থে প্রমাণ করতে হবে।’
চ্যাম্পিয়ন্স লিগে টানা দুবারের চ্যাম্পিয়ন পিএসজির একমাত্র লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা জয়। আসরে ৪ ম্যাচে চার জয়ে টেবিলে শীর্ষে ক্লাবটি। এপর্যন্ত ৫ গোল হজম করে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ২০ বার।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

