দুই দিনের সফরে কাতার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান – DesheBideshe



ঢাকা, ১৭ আগস্ট – দেশের জ্বালানি বাজারের অস্থিরতা নিরসন এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে দুই দিনের সফরে কাতারে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

সোমবার রাতে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তিনি দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এই সফরে পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল থানির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিনিধিদলে আরও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউসিবির চেয়ারম্যান শরীফ জহিরও এই সফরে অন্তর্ভুক্ত রয়েছেন।

আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে জ্বালানি সরবরাহ, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং কাতারে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পাবে।

বুধবার রাতে সফর শেষ করে প্রতিনিধিদলটি দেশে ফিরবে বলে আশা করা হচ্ছে।

এনএন/ ১৭ আগস্ট ২০২৬



Scroll to Top