
ঢাকা, ০৫ জানুয়ারি – দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী ১১ জানুয়ারি বগুড়ায় পৌঁছাবেন এবং সেখান থেকে রংপুর যাবেন। রংপুরে গিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। বগুড়া জেলা বিএনপির শীর্ষ দুই নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া বিএনপির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তারেক রহমান আগামী ২০ জানুয়ারি সিলেট সফরও করতে পারেন।
বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাবা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা রয়েছে। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, “আমরা জানি যে ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসবেন। তবে ৫ জানুয়ারি এই বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হতে পারব।”
সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান বগুড়ায় গিয়েছিলেন। ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন।
এছাড়া ১২ জানুয়ারি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।
এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬





