দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের | চ্যানেল আই অনলাইন

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের | চ্যানেল আই অনলাইন

দুবাইয়ের জাবিল স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের কোয়ার্টার ফাইনালে দাপুটে জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোদের আল নাসের। দুবাই ভিত্তিক আল ওয়াসলকে ৪-০তে উড়িয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে সৌদি প্রো লিগের শীর্ষ দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসের। ১৫ মিনিটের মধ্যেই দারুণ এক ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। বিশ্বকাপের আগে ক্লাবের হয়ে পুরো ম্যাচ জুড়েই ছন্দে ছিলেন ৪১ বর্ষী পর্তুগিজ মহাতারকা।

রোনালদোর পাশাপাশি জাতীয় দলের আরেক সতীর্থ জোয়াও ফেলিক্সও নজর কেড়েছেন নিখুঁত পাসিংয়ে। ম্যাচের ২৪ মিনিটে তার বাড়ানো বলে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন ইনিগো মার্টিনেজ।

পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় আল ওয়াসল। ৩৮ মিনিটে ব্রাহিয়ান প্যালাসিওস একটি জোরালো শট নিলেও অল্পের জন্য আল নাসেরের জালে স্পর্শ করাতে পারেননি।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আল নাসের ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয়। আব্দুল্লাহ আল-আমরি তৃতীয় গোলটি করে ব্যবধান ৩-০ করেন। দ্বিতীয়ার্ধ তুলনামূলক কম উত্তেজনাপূর্ণ হলেও বল দখলে আধিপত্য ধরে রাখে রোনালদো-সাদিও মানেরা। শেষদিকে ৮০ মিনিটে সাবেক লিভারপুল তারকা সাদিও মানে স্কোরলাইন ৪-০ করেন। তাতে ৪-০ ব্যবধানের জয় নিয়েই সেমির টিকিট কাটে রোনালদো বাহিনী।

Scroll to Top