দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে দেখা গেল তারেক রহমানকে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাতায়াতের সময় তার বহনকারী গাড়িতে জাতীয় পতাকা উত্তোলিত ছিল।

দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী

এদিন স্বাধীনতা দিবসের প্যারেড-২০২৬ অনুষ্ঠানেও তিনি একইভাবে পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে অংশ নেন।

ভোরে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। পরে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলের করুণ সুরে পরিবেশ গম্ভীর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, কূটনীতিক ও রাজনীতিবিদসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে দলীয় প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতাদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে মন্ত্রিপরিষদের পক্ষ থেকেও তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে উপস্থিত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

Scroll to Top