দাফনের সময় যুবদল নেতার ফোন চুরি, প্রতারণার ভয়ে সতর্কতা

সাইফুল ইসলাম: মানিকগঞ্জে বড় ভাইয়ের জানাজা শেষে দাফনের সময় সেওতা কবরস্থান থেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাঁর মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণার আশঙ্কায় সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন দলীয় নেতারা।

মানিকগঞ্জ

রোববার (১৫ নভেম্বর) বাদ জোহর মানিকগঞ্জ পৌরসভার সেওতা কবরস্থানে এ ঘটনা ঘটে। পরে বিকেলে জেলা যুবদলের নেতা মো. শাহীন হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ পারভেজের মোবাইল ফোনটি সেওতা কবরস্থান থেকে চুরি হয়েছে। ওই ফোনের হোয়াটসঅ্যাপসহ অন্য কোনো মাধ্যম ব্যবহার করে কেউ টাকা-পয়সা চাইলে বা অন্য কোনো দাবি জানালে তাতে সাড়া না দিয়ে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।

এর আগে রোববার ভোরে মানিকগঞ্জ জেলা শহরের আফরোজা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ পারভেজের বড় ভাই ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এস এম এম ইকবাল হোসেন।

মরহুম ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি জটিলতা ও ব্রেন স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর পর বাদ জোহর সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেওতা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ইকবাল হোসেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক যুগ্ম সম্পাদক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Scroll to Top