দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা | চ্যানেল আই অনলাইন

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা | চ্যানেল আই অনলাইন

দন্তচিকিৎসায় লেজার প্রযুক্তির কার্যকারিতা ও এর আধুনিক প্রয়োগ নিয়ে রাজধানীর ধানমন্ডিতে একটি বৈজ্ঞানিক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) দিনব্যাপী এই কর্মশালা ও সেমিনারের আয়োজন করে একাডেমি অব ডেন্টাল এক্সিলেন্স (এডেক্স)।

সেমিনারে বক্তারা বলেন, প্রথাগত যন্ত্রপাতি বা ছুরি-কাঁচির ব্যবহার কমিয়ে লেজার প্রযুক্তি দাঁতের চিকিৎসাকে এখন অনেক বেশি নির্ভুল, দ্রুত এবং তুলনামূলকভাবে ব্যথামুক্ত করে তুলছে। এটি দন্তচিকিৎসার ক্ষেত্রে সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচন করেছে। বিশেষকরে অতি সংবেদনশীল চিকিৎসায় লেজার পদ্ধতি খুবই কার্যকর ও যুগান্তকারী প্রক্রিয়া।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইতালির জেনোয়া ইউনিভার্সিটির ফেলো ডা. মাহাবুবুর রহমান ইমন। তিনি ডেন্টিস্ট্রিতে লেজারের আধুনিক ব্যবহার ও এর বিভিন্ন দিক নিয়ে চিকিৎসকদের বিস্তারিত ধারণা দেন।

অনুষ্ঠানে এডেক্সের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. হাসিনা মাহমুদা ফেরদৌসী বলেন, জ্ঞান অর্জন সবার জন্যই জরুরি। আধুনিক ডেন্টিস্ট্রিতে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে এবং লেজার প্রয়োগ তেমনই একটি যুগান্তকারী প্রক্রিয়া। কর্মশালাটি পরিচালনা করেন এডেক্সের আহ্বায়ক কমিটির প্রধান ডা. ফুয়াদ আল হাসানাত।

ডা. জোবায়দা আশরাফির সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন এডেক্সের সদস্যসচিব ডা. মোহাম্মদ আরশাদ, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যাপক ডা. শাহানাজ বেগম এবং বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. শায়েখ আহমেদ রিংকু।

Scroll to Top