সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ঐতিহাসিক জয়ের টাটকা স্মৃতি আর আত্মবিশ্বাস সঙ্গী করে দ্বিতীয় টেস্টে নামার প্রস্তুতি নিচ্ছে টিম টাইগার্স। দলের দুর্দান্ত পারফরম্যান্স ও পরিবর্তনশীল মানসিকতার পেছনে ভূমিকা রাখছে ড্রেসিংরুমের চমৎকার পরিবেশ, একে অপরের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধাবোধ। মনে করছেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স।
দ্বিতীয় টেস্টের আগে দল কীভাবে প্রস্তুতি নিচ্ছে জানিয়ে সিমন্স বলেছেন, ‘প্রস্তুতি আমরা ভালোভাবে শুরু করেছি। আজকের দিনটি ভালো ছিল। লক্ষ্য ছিল মানসিকভাবে সঠিক জায়গায় ফিরে আসা। মনে হয় দ্বিতীয় টেস্টের জন্য সবাই সেই সঠিক মানসিক অবস্থায় রয়েছে।’
প্রথম টেস্টে অজিদের বিপক্ষে অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য ও দলীয় শক্তিতে প্রতিপক্ষকে হারিয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় দলের ভেতরের বন্ধন আরও শক্ত হয়েছে, তা স্পষ্ট কোচের কথায়। দলের পরিবেশ নিয়ে সিমন্স যোগ করেন, ‘অনেকদিন ধরে দলের পরিবেশ বেশ ভালো। আর এখন একে অপরের প্রতি সম্মান আরও বেড়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি একে অপরের প্রতি বিশ্বাসও বেড়েছে, যেকোনো ড্রেসিংরুমে যা সবাই দেখতে চায়।’
‘তাই এটা খুব ভালো একটি বিষয়। ঠিক এই কারণে মনে হচ্ছে প্রতিবার টেস্ট ক্রিকেট খেলার সময় আমরা আগের চেয়ে আরও ভালো খেলছি। সবমিলিয়ে পরিবেশ সত্যিই খুব দারুণ।’
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের ইতিবাচক আবহ বাংলাদেশ দলকে ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ভালো কিছু করতে অনুপ্রেরণা জোগাবে, বলছেন কোচ। শনিবার মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজে ১-০তে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল।

