
ঢাকা, ২১ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদ পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি ১৯৭১ ও ২০২৪ সালের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন দলমত নির্বিশেষে সবার সম্মিলিত চেষ্টায় একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জনগণের সহযোগিতা পেলে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ গঠনে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে তিনি আশ্বাস দেন।
এদিন সকাল ১০টায় যমুনায় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষাবিদ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া আলেম ওলামা, শিল্পী সাহিত্যিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে যান। সেখানে তিনি তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
আনুষ্ঠানিকতা শেষে তিনি গুলশানের নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সময় কাটাবেন বলে জানা গেছে।
এনএন/ ২১ মার্চ ২০২৬





