২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
আজ ৬ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক গণভবনে প্রতিষ্ঠিত এই জাদুঘরে প্রথম দিনের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের প্রবেশ শুরু হওয়ার সময় নির্ধারিত ছিল বেলা ১১টা। তবে সকাল ৯টা থেকেই জাদুঘরের সামনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় দর্শনার্থীদের।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের সুবিধার্থে প্রতিদিনের প্রবেশ তিনটি আলাদা সময়সীমায় ভাগ করা হয়েছে। মর্নিং স্লটে সকাল ১১টা থেকে দুপুর ১টা, মিড-ডে স্লটে দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং ইভিনিং স্লটে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মূল ভবন পরিদর্শনের সুযোগ থাকবে। প্রতিটি স্লটে সর্বোচ্চ ৩০০ জন করে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। ফলে প্রতিদিন মোট ৯০০ জন জাদুঘরের মূল ভবন ঘুরে দেখার সুযোগ পাবেন।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অনলাইনের পাশাপাশি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। তবে উদ্বোধনের প্রথম দিনের সব ৯০০টি টিকিট আগের দিনই বিক্রি হয়ে যায়। টিকিটে উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যেই দর্শনার্থীদের মূল ভবনে প্রবেশ করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি, আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, নিদর্শন ও ঐতিহাসিক উপকরণ সংরক্ষণের উদ্দেশ্যে সাবেক গণভবনকে রূপান্তর করে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।



