
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাকে গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেছে বিএনপি। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন নির্বাচনের ফলাফল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি উল্লেখ করেন যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল এবং এই দলের সঙ্গে সাধারণ মানুষের আবেগ ও আকাঙ্ক্ষা গভীরভাবে জড়িয়ে আছে। মাহদী আমিন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই দলটির প্রতি জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে এই নির্বাচনে। নির্বাচনে বিএনপির অপ্রতিরোধ্য বিজয়কে তিনি শুধু দলের বিজয় নয়, বরং গণতন্ত্র ও বাংলাদেশের বিজয় হিসেবে আখ্যায়িত করেন।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়ে তাদের নেতা তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন। আগামী সরকার হবে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব, যা রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবে। মাহদী আমিন আরও স্মরণ করিয়ে দেন যে, দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পথ পাড়ি দিয়ে, গুম ও খুনের শিকার হওয়া নেতাকর্মীদের ত্যাগের ওপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হতে যাচ্ছে। তিনি বিশ্বাস করেন, তাদের নেতা শহীদদের পরিবারের প্রত্যাশা পূরণ করবেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয়লাভ করেছে। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক বিজেপি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ একটি করে আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসন পেয়েছে। সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা এবং একটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়লাভ করেছে।
এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬





