
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – রাইসা গ্রামের মধ্যবিত্ত পরিবারের একটি সাধাসিধে মেয়ে। তার স্বভাব কিছুটা চাপা তাই সবার সাথে সহজে মিশতে পারে না। ঠিক বিপরীত চিত্র দেখা যায় পার্থর ক্ষেত্রে। সে একটি সম্ভ্রান্ত যৌথ পরিবারের সন্তান যার বাবা-মা এবং ভাই-বোন সবাই বেশ মিশুক প্রকৃতির।
এমন দুটি ভিন্ন মেরুর চরিত্রকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘জখম’। নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। সদ্য শুটিং সম্পন্ন হওয়া এই নাটকে রাইসা চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থর ভূমিকায় দেখা যাবে তৌসিফ মাহবুবকে। নাটকটির দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন কামরুল ইসলাম শুভ।
গল্পের প্রেক্ষাপট সম্পর্কে নির্মাতা ইমরাউল রাফাত জানান এটি মূলত একটি প্রতিশোধের গল্প। তবে গল্পের বুননে পারিবারিক বন্ধন, প্রেম, বিয়ে, সংসার এবং সমাজের নানা নিগ্রহের চিত্র ফুটে উঠবে। ছোট পর্দার জন্য নির্মিত হলেও এর ক্যানভাস অনেক বড় বলে তিনি মন্তব্য করেন। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান এবারের রোজার ঈদে সিএমভি মোট ২০টি বিশেষ নাটক দর্শকদের উপহার দিতে যাচ্ছে যার মধ্যে ‘জখম’ অন্যতম। এটি ঈদের দিন প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার ও ইশরাত অতিথি প্রমুখ।
এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬





