তেলের দাম ১৫০ ডলারে পৌঁছালে বৈশ্বিক মন্দার আশঙ্কা: ব্ল্যাকরক প্রধান | চ্যানেল আই অনলাইন

তেলের দাম ১৫০ ডলারে পৌঁছালে বৈশ্বিক মন্দার আশঙ্কা: ব্ল্যাকরক প্রধান | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছালে বিশ্ব অর্থনীতি তীব্র মন্দার মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ল্যারি ফিঙ্ক।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত এবং পরিস্থিতি দুই ধরনের চরম পরিণতির দিকে যেতে পারে।

ল্যারি ফিঙ্কের মতে, যদি সংঘাত দ্রুত সমাধান হয় এবং ইরান পুনরায় আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা ফিরে পায়, তাহলে তেলের দাম যুদ্ধ-পূর্ব অবস্থার নিচেও নেমে যেতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতিতে স্বস্তি ফিরবে।

তবে তিনি সতর্ক করে বলেন, সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম দীর্ঘ সময় ধরে ১০০ ডলারের ওপরে থাকতে পারে এবং তা ১৫০ ডলারের কাছাকাছিও পৌঁছাতে পারে। এই ধরনের পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করবে এবং মন্দার ঝুঁকি বাড়াবে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইতিমধ্যে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, যা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, ব্ল্যাকরক প্রায় ১৪ ট্রিলিয়ন ডলারের সম্পদ ব্যবস্থাপনা করে এবং বিশ্বের বৃহত্তম বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে পরিচিত।

Scroll to Top