পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ শুক্রবার সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। রাতভর উত্তরের হিম বাতাসের সঙ্গে ছিল ঘন কুয়াশার দাপট, যা ছিল সকাল পর্যন্ত। তবে সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব আকাশে উঁকি দিয়েছে সূর্য; ছড়িয়ে পড়ছে মিষ্টি রোদ।


