তৃতীয় স্তরের দলের বিপক্ষে কষ্টার্জিত জয় ম্যানসিটির | চ্যানেল আই অনলাইন

তৃতীয় স্তরের দলের বিপক্ষে কষ্টার্জিত জয় ম্যানসিটির | চ্যানেল আই অনলাইন

মৌসুমটা ভালো কাটছে না ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সেরা চারেও নেই পেপ গার্দিওলার দল। এমনকি এফএ কাপের চতুর্থ রাউন্ডের তৃতীয় স্তরের দলের বিপক্ষেও ঘাম ঝরাতে হয়েছে সিটিজেনদের। অবশ্য ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে ম্যানসিটি।

লেইটনের মাঠ ব্রিসবেন রোডে ম্যাচের তিনটি গোলই এসেছে সিটিজেনদের স্পর্শ থেকে। ওর্টেগার গায়ে বল লেগে গোল হজম করতে হয় সিটির। পরে আবদুকোদির খুসানভ ও কেভিন ডি ব্রুইনার ২-১ গোলে জেতে প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শুরু থেকেই বলের দখল ছিল সিটির কাছে। ১৬ মিনিটে পিছিয়ে পড়ে গার্দিওলার দল। দূর থেকে গোলবার লক্ষ্য করে শট নেন লেইটন ফুটবলার জেমি ডনলি। সিটি গোলরক্ষক ওর্টেগা বলের নাগাল পাননি। ওপরের পোস্টে লেগে বল বাইরের দিকেই চলে আসছিল তবে ওর্টেগার গায়ে লেগে বল জালে জড়ায়। ১-০ গোলে এগিয়ে যায় লেইটন। লিড ধরে রেখেই প্রথমার্ধ শেষ করে লেইটন।

লেইটনের বিপক্ষে ৫৫ মিনিট পিছিয়ে ছিল সিটি। ৫৬ মিনিটে সিটিকে সমতায় ফেরান খুসানভ। এরপর ৭৯ মিনিটে দ্বিতীয় গোলটি এনে দেন ডি ব্রুইনা। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

Scroll to Top