
কারাকাস, ২৭ মার্চ – তীব্র দাবদাহ ও জ্বালানি সংকটের কারণে ভেনেজুয়েলায় সরকারি কর্মচারী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই ঘোষণা দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে দীর্ঘসময় ধরে বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিরাজ করছে। এর আগেও ইস্টার উপলক্ষে জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে কর্মদিবস কমানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নজির রয়েছে।
ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, পবিত্র সপ্তাহ উপলক্ষে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিদ্যুৎ সাশ্রয় করতে বিভিন্ন মন্ত্রণালয়েও কার্যক্রম সীমিত রাখা হবে। টানা ৪৫ দিনের তীব্র তাপপ্রবাহের কারণে দেশে বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
এর ফলে জ্বালানি সংকট আরও প্রবল আকার ধারণ করেছে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা খাতগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেফতার হন। এরপর থেকেই ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
এস এম/ ২৭ মার্চ ২০২৬




