এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শেখ সেলিম: ঝিনাইদহের মহেশপুরে বাড়ির পাশের গভীর কাদায় প্রায় তিন মাস ধরে আটকে থাকা চারটি মহিষ উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষগুলো দীর্ঘদিন কাদায় আটকে থাকার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি ইউএনওর নজরে আসে।
স্থানীয়রা জানান, উপজেলার গোকুলনগর গ্রামের আবদুল আলিমের চারটি মহিষ বর্ষা মৌসুমে বাড়ির পাশের গভীর কাদায় আটকে পড়ে। দীর্ঘদিন সেখানে আটকে থাকায় প্রাণীগুলোর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

মহিষগুলোকে কাদা থেকে উদ্ধারের জন্য স্থানীয়দের পক্ষ থেকে কয়েকবার অনুরোধ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পারেন ইউএনও মো. সাজ্জাদ হোসেন।
রোববার সন্ধ্যায় তিনি ঘটনাস্থলে গিয়ে মহিষগুলো উদ্ধারের ব্যবস্থা করেন। পরে চারটি মহিষকে কাদা থেকে তুলে বাড়ির পাশের শুকনো জায়গায় নেওয়া হয়।
এ সময় ইউএনও পরিবারটিকে মহিষগুলোর জন্য নিরাপদ জায়গা তৈরি এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন। আগামী ১৫ দিনের মধ্যে প্রাণীগুলোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
দীর্ঘদিন চারটি মহিষকে কাদার মধ্যে আটকে রাখার ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছিল। ইউএনওর উদ্যোগে প্রাণীগুলো উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।


